দেশের বীমা খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রথম প্রজন্মের নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে এক জাঁকজমকপূর্ণ গালা সন্ধ্যার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
১৯৮৬ সালে যাত্রার পর থেকে দেশের ব্যবসা, বাণিজ্য ও শিল্প খাতের প্রসারে চার দশকের অবিচল আস্থা, আর্থিক স্থায়িত্ব এবং সার্বিক সেবার এই মাইলফলকটিকে অনুষ্ঠানটির মাধ্যমে স্মরণ করা হয়।
এই অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন প্রভাবশালী নীতিনির্ধারক, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃত্ব উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীগণ।
এছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, ব্যাংকার, উচ্চপদস্থ কর্পোরেট কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রতিনিধিবৃন্দ এবং দীর্ঘদিন ধরে সেবা গ্রহণকারী গ্রাহকেরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রয়াত সহকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্যকালে চেয়ারম্যান উল্লেখ করেন, “আমাদের দেশের জিডিপিতে বীমা খাতের অবদান মাত্র ০.৩৫%, যেখানে অন্যান্য উদীয়মান বাজারগুলোতে এই গড় হার প্রায় ২.৫%। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মোটোর বীমা এখনও বাধ্যতামূলক নয়।”
মাহবুবুর রহমান ত্বরান্বিত পদক্ষেপের অংশ হিসেবে সরকারের প্রতি ‘সড়ক পরিবহন সংশোধন আইন ২০২৪’ পর্যালোচনা করার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
চেয়ারম্যান আরও জানান, বিগত দিনে করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, ইসরায়েল-ইরান যুদ্ধ এবং সাম্প্রতিক শিল্পাঞ্চলের সংকট সহ নানা প্রতিকূলতায় বেসরকারি খাতকে সুরক্ষায় বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রপ্তানিমুখী শিল্পের আর যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, প্রতিষ্ঠার পর থেকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এ পর্যন্ত লভ্যাংশ হিসেবে মোট ১৮৩ কোটি টাকা বিতরণ করেছে (যার সঞ্চিত রেকর্ড ৭২১ শতাংশ), মেটানো দাবির পরিমাণ ৪৫৩ কোটি টাকা এবং জাতীয় কোষাগারে ৮৮ কোটি টাকা কর হিসেবে প্রদান করেছে।
অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং শিল্পঝুঁকি হ্রাস ও দেশের বাণিজ্য ও অর্থনীতির প্রবৃদ্ধিতে চার দশক ধরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অবদান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিশ্বস্ত গ্রাহক ও কর্পোরেট অংশীদারদের বিশেষ সম্মাননা স্মারক প্রদানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।