ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. আহসানুর রহমান। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
বাংলাদেশের পুঁজিবাজারে আহসানুর রহমানের রয়েছে ১৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক ব্যবসা, বিনিয়োগসেবা এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
ঢাকা ব্যাংক সিকিউরিটিজে যোগদানের আগে আহসানুর রহমান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন।
এর আগে আহসানুর রহমান বৈদেশিক ও স্থানীয় প্রাতিষ্ঠানিক বিক্রয় এবং ট্রেডিং কার্যক্রমে নেতৃত্ব দেন। সে সময়ে তিনি বৈশ্বিক ফান্ড, আন্তর্জাতিক ব্রোকার এবং দেশীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক পরিচালনা করেন। এছাড়া, লন্ডন, হংকং ও সিঙ্গাপুরে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী সম্পৃক্ততা কার্যক্রম ও আন্তর্জাতিক রোডশোতে তিনি ভূমিকা রাখেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আহসানুর রহমান ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব এবং ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও প্রোগ্রাম সম্পন্ন করেছেন। তার নেতৃত্বে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ‘ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।