প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: চরচা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর সংগঠিত হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই হামলা শুধু প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, দেশের ভাবমূর্তির ওপর আঘাত। পৃথিবীর সামনে ভুল বার্তা গেছে যে, এখানে সংবাদমাধ্যম নিরাপদ নয়। প্রগতিবিরোধী ও উগ্রবাদী শক্তি এ হামলার মাধ্যমে যে সাহস দেখিয়েছে, তার কঠোর জবাব আমরা আইনের মাধ্যমে দেব।

তিনি আরও বলেন, “আমরা বিচারিক প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে চাই, যাতে জাতিকে আর কখনো এমন দৃশ্য দেখতে না হয়। দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে বিশ্বকে জানিয়ে দিতে চাই–বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।”

মন্ত্রী জানান, চার্জশিট দাখিলের পরই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।

প্রদর্শনী দেখে তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যেও কিভাবে উঠে দাঁড়াতে হয়, সেটার প্রতীকী চিত্রই এখানে ফুটে উঠেছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, হামলার ঘটনার কারণে তাকে বিদেশে বিভিন্ন কূটনৈতিক মহলে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, এ ধরনের ঘটনা আর যেন না ঘটে এ প্রতিজ্ঞা রাষ্ট্র ও সমাজ উভয়কেই করতে হবে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সংবাদপত্রের মতাদর্শ ভিন্ন হতে পারে, সমালোচনার অধিকারও আছে; কিন্তু হামলা, অগ্নিসংযোগ বা প্রাণহানির ঝুঁকি কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।

সম্পর্কিত