Advertisement Banner

ইরানে ফের হামলা করতে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ইসরায়েল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে ফের হামলা করতে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ইসরায়েল
ছবি: রয়টার্স থেকে নেওয়া

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইসরায়েল কাৎজ বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। আমাদের সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয়দিকেই প্রস্তুত এবং টার্গেটও ঠিক করা হয়েছে।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “খামেনির শাসন বিলোপের জন্য আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার সূচনাকারী, ইরানের সন্ত্রাসী সরকারের পরবর্তী নেতাদেরও হত্যা করা এবং ইরানের জ্বালানি এবং বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে ইরানকে আবারও অন্ধকার ও প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।”

ইসরায়েল কাৎজ বলেছেন, এবার যে হামলা চালানো হবে সেটি আগের চেয়ে ভিন্ন হবে। ইরানের সংবেদনশীল স্থানে গুরুতর আঘাত হানা হবে। তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ইরানের শাসনব্যবস্থা যে বড় ধরনের আঘাতের মুখে পড়েছে, তার ধারাবাহিকতায় নতুন এই হামলা দেশটির ভিত কাঁপিয়ে দিতে পারে এবং তা ভেঙে পড়ার পরিস্থিতিও সৃষ্টি করতে পারে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আগামী রোববার শেষ হচ্ছে বলে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম। তারা মার্কিন প্রশাসনের বর্তমান পদক্ষেপগুলোকে ‘বিভ্রান্তিকর’ বলে বর্ণনা করেছেন।

সম্পর্কিত