Advertisement Banner

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯০

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯০
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ৮৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫৬ জন তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি ট্রেনই লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশে যাত্রা করেছিল। বেডফোর্ড এলাকায় এসে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) জানিয়েছে, নিহত ব্যক্তি একজন ট্রেনচালক ছিলেন।

সম্পর্কিত