Advertisement Banner

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর
আজ সংসদে আলোচনায় তারেক রহমান। ছবি: বাসস

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নামও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকেও পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানান সংসদ নেতা।

প্রস্তাব অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারি দলের বাকি সদস্যরা হলেন—প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

গতকাল বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন।

সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানি সংকট একটি ‘একটি বৈশ্বিক প্রবলেম’, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোন আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে।”

প্রধানমন্ত্রী বলেন, “কোন পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো

এবং সরকার সেটার মধ্যে কোন বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ

করবে।”

সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, তাদের পক্ষ থেকেও দ্রুত নাম দেওয়া হবে।

স্পিকার বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বিরোধী দলও তাদের পাঁচ সদস্যের নাম দেবে।

সম্পর্কিত