ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরাসরি স্থল অভিযান হয়তো প্রয়োজন হবে না। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে উত্তেজনা বাড়তে থাকায় তিনি এই মন্তব্য করলেন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারের সাথে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং মার্কিন সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় শিগগিরই প্রতিশোধ নেওয়া হবে। সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা সক্রিয় যুদ্ধে নিহত হয়েছেন।

এই বক্তব্যটি ট্রাম্পের আগের একটি দাবি থেকে কিছুটা ভিন্ন, যেখানে তিনি বলেছিলেন স্থল অভিযানের ব্যাপারে তার কোনো ভীতি নেই। গত শনিবার ইরানে বিমান হামলা চালানোর পর ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘‘প্রত্যেক প্রেসিডেন্টই বলেন, ‘কোনো স্থল অভিযান হবে না।’ আমি তা বলি না।”

এর আগে গতকাল সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার সক্ষমতাও দেশটির সেনাবাহিনীর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে নয় মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর ওপর ইরানের আক্রমণ তার জন্য সবচেয়ে বড় বিস্ময় ছিল। তিনি জানান, আরব নেতারা এখন অত্যন্ত শক্ত অবস্থানে থেকে লড়াই করতে আগ্রহী।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, প্রাথমিক হামলায় ইরানের প্রায় ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ট্রাম্প উল্লেখ করেন, ২০২৫ সালের জুন মাসে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, সেই সময় মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না করলে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।

সম্পর্কিত