ইরানে ট্রাম্পের হামলাকে ‘বেআইনি’ বলছেন আমেরিকারই এক সিনেটর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে ট্রাম্পের হামলাকে ‘বেআইনি’ বলছেন আমেরিকারই এক সিনেটর
ক্যাপিটল বিল্ডিংয়ে যুদ্ধ প্রতিরোধের ভোটের আগেই ইরানে হামলা চালিয়ে বসে ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে বেআইনি এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকেে এই তথ্য জানা যায়।

এক বিবৃতিতে সিনেটর বলেন, “এটি কংগ্রেস কর্তৃক অনুমোদিত ছিল না এবং এটি সকল আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। ট্রাম্পের এই বেআইনি কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সৈন্য ও বেসামরিক নাগরিকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এমনকি ট্রাম্পের বেআইনি ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার দাবি করার পরও, তিনি ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির বিষয়টি অতিরঞ্জিত করে চলেছেন।”

মার্কি আরও বলেন, “এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। এই হামলার আগে কূটনীতির সুযোগ ছিল এবং এখনো আছে।” এই পরিস্থিতিতে তিনি একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “এটি ট্রাম্পের সৃষ্ট একটি সংকট। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। তারা চায় না যে দেশের সাধারণ মানুষ যখন স্বাস্থ্যসেবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তরুণ-তরুণীদের অন্তহীন যুদ্ধের জন্য বিদেশে পাঠানো হোক। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, তবে কংগ্রেসকে তা করতে হবে। ইরানের সাথে আর কোনো যুদ্ধ নয়।”

অন্যদিকে, রিপাবলিকান প্রতিনিধিদের ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মার্কিন সিনেটর থমাস ম্যাসি একে ‘অযৌক্তিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পদক্ষেপ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক খবরে বলা হয়, ম্যাসি এবং সিনেটর রো খান্না আগামী সপ্তাহে এমন একটি আইন পাসের জন্য চাপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাকে সীমিত করতো। কিন্তু এই দ্বিদলীয় জুটি ‘ওয়ার পাওয়ারস’ সংক্রান্ত ভোটের আয়োজন করার আগেই শনিবার সকালে আমেরিকা ইরানে হামলা চালিয়ে বসে।

সম্পর্কিত