পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর খলিলুরের প্রথম সফর সৌদিতে, ইসরায়েল নিয়ে আলোচনা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর খলিলুরের প্রথম সফর সৌদিতে, ইসরায়েল নিয়ে আলোচনা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: বাসস

ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। জেদ্দায় অনুষ্ঠিতব্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান পরিস্থিতি নিয়ে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার ওআইসি সাধারণ সচিবালয়ে।

জরুরি এই বৈঠকে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত, বিশেষ করে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সংযুক্তকরণ নীতির বিষয়ে আলোচনা হবে।

ওআইসি বলেছে, সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করে ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

সম্প্রতি ইসরায়েল পশ্চিম তীরের বিপুল পরিমাণ জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করেছে, যা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বৃহত্তর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একইসাথে এই পদক্ষেপ দীর্ঘদিনের দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেই দুর্বল করছে।

সম্পর্কিত