কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ভোটে কারসাজি হয়েছে: বিএনপি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ভোটে কারসাজি হয়েছে: বিএনপি
মাহদী আমিন। ফাইল ছবি

সংসদ নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে জয়ী করে আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

ফল ঘোষণার মধ্যে রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন আসনের নির্দিষ্টসংখ্যক কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয়। কয়েকটি আসনে বেসরকারিভাবে জয়ী প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

মাহদী আমিন বলেন, “নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ((নির্বাচনী কারসাজি) আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের কাছে।”

মাহদী আমিন বলেন, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে।

মাহদী আমিন উদাহরণ হিসেবে বলেন, শুধু ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিলম্ব করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন ঢাকা-১৭ ও বগুড়া-৬ এ বেসরকারিভাবে জয়ী হয়েছেন বলে জানান মাহদী আমিন।

সম্পর্কিত