Advertisement Banner

ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, দুই লাখ টাকা লুটের দাবি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী, দুই লাখ টাকা লুটের দাবি
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়ার ফুডপ্লেক্সের গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

তোফাজ্জল প্রধানের ছেলে আবুল কালামের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায়। তিনি ফ্লেক্সিলোড ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্বজনরা।

আবুল কালামের ছেলে আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে ৩-৪ জন ছিনতাইকারী তার বাবাকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তারা তার বাবার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আব্রান আরও জানান, ঘটনাটি জানার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত