Advertisement Banner

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত
ছবি: সংগৃহীত

দেশ আর্ট গ্যালারির উদ্যোগে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে চার শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে বিশেষ শিল্প প্রদর্শনী ‘পেটালস অব টাইম’। গত ২৬ জুন বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘পেটালস অব টাইম: অ্যান এক্সিবিশন অব আর্ট, মেমোরি অ্যান্ড হেরিটেজ’ শীর্ষক এই প্রদর্শনীটি আগামী ৬ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সময়ের প্রবাহে স্মৃতি ও ঐতিহ্যের বহমানতাকে মূল ভাবনা করে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের চারজন কৃতি শিল্পী— প্রাশান্ত কর্মকার বুদ্ধ, শিল্পী আলী, এলিজা রহমান এবং ফারিন আহমেদ।

তাদের শিল্পকর্মে স্মৃতি, ঐতিহ্য, আত্মপরিচয়, আধ্যাত্মিকতা এবং মানবজীবনের নানা অনুষঙ্গ চমৎকারভাবে ফুটে উঠেছে, যা দর্শকদের নিজস্ব উত্তরাধিকার নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।

অংশগ্রহণকারী শিল্পীদের কাজের বৈচিত্র্য নিয়ে আয়োজকরা জানান, প্রাশান্ত কর্মকার বুদ্ধ তার শিল্পকর্মে ঐতিহাসিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে অতীত ও বর্তমানের মধ্যে এক নান্দনিক সংলাপ নির্মাণ করেছেন।

অন্যদিকে, শিল্পী আলীর সৃষ্টিকর্মে কল্পনা, অনুভূতি, স্বপ্ন ও আত্ম-অন্বেষণের বিষয়গুলো রঙ, প্রতীক এবং মিশ্র মাধ্যমের ব্যবহারের মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। প্রদর্শনীটিকে আরও সমৃদ্ধ করেছে এলিজা রহমান ও ফারিন আহমেদের শিল্পকর্ম, যেখানে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সাংস্কৃতিক চেতনা এবং সমকালীন জীবনের নানা দিক নিজস্ব শিল্পভাষায় প্রকাশিত হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের অনারারি কনসাল শাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা শরীফ রহমান।

ঢাকার গুলশান-২ এলাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর রোডের ১৩/১ নম্বর হাউজের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত দেশ আর্ট গ্যালারিতে এই আয়োজনটি চলছে।

আয়োজকদের পক্ষ থেকে সকল শিল্পপ্রেমী, সংগ্রাহক ও আগ্রহী দর্শকদের প্রদর্শনীটি পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্পর্কিত