Advertisement Banner

শরীফুলের ৬ উইকেট, তবুও হারল বাংলাদেশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শরীফুলের ৬ উইকেট, তবুও হারল বাংলাদেশ
শরীফুল ইসলাম। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ান ক্রিকেটে সচরাচর তরুণ বয়সেই জাতীয় দলে ডাক পাওয়ার ঘটনা দেখা যায় না। কুপার কনোলি সেদিক থেকে ব্যতিক্রমী এক প্রতিভা। আর এই কারণেই মাত্র ২২ বছর বয়সে আইপিএলে তাকে নিয়ে হয়েছে কাড়াকাড়ি। সেই কনোলি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলে ফেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস। বিপরীতে একাই লড়ে গেলেন শরীফুল ইসলাম। রোমাঞ্চকর এক ম্যাচে তার ৬ উইকেটেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। হাতছাড়া হয়েছে হোয়াইটওয়াশের সুযোগ।

মিরপুরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের টার্গেটে শেষ মুহূর্তে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। ৫ রানে ৫ উইকেট নিয়ে হারের মঞ্চ থেকে প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। তবে শেষ রক্ষা আর হয়নি। মাত্র এক বল হাতে রেখে ১ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়াই।

আইপিএলের সর্বশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলা কনোলি প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরিতে করেছিলেন ৪৯১ রান। ইনিংসের শুরুতেই দ্রুত রান করার জন্য সিদ্ধহস্ত তিনি। আইপিএলে ঝলক দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। আর সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঠিক সেটাই করে দেখিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম ম্যাচে ৩৫ করা কনোলি এদিন একদম প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। ৫১ বলে তানভীর ইসলামকে চার মেরে পা রাখেন পঞ্চাশে। অন্যপ্রান্তে কেউই বড় ইনিংস না খেলতে পারলেও কনোলি একাই দলকে রাখেন জয়ের পথে।

কনোলিকে সামাল দিতে পেস-স্পিন মিলিয়ে বারবার বোলিং পরিবর্তন করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন। তবে কাজের কাজ আর হয়নি। ৩১তম ওভারে ৮৭ বলে পূরণ হয় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক।

এই পথচলায় কনোলিকে কার্যকর সঙ্গ দেন মার্নাশ লাবুশেন (২৯) ও ক্যামেরুন গ্রিন (২৭)। এই দুজনকে নিয়ে তিনি গড়েন যথাক্রমে ৬৪ ও ৬৮ রানের জুটি। বাংলাদেশের ম্যাচে ফেরার আশা ক্রমেই মিলিয়ে দেন কনোলি।

তবে প্রথম স্পেলে তিন উইকেট নেওয়া শরীফুল ফিরতি স্পেলে এসে রীতিমতো কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়াকে। হ্যাটট্রিক না করতে পারলেও নেন আরও তিনটি উইকেট। অ্যাডাম জাম্পাকেও প্রায় ফিরিয়েই দিয়েছিলেন, তবে স্লিপে ক্যাচ মিস করে বসেন তানজিদ হাসান।

তবে ৪৯তম ওভারে স্লোয়ারে অসাধারণ এক ইনিংস খেলা কনোলি স্নায়ুচাপের কারণেই কিনা, লাইন মিস করে বোল্ড হন। তবে তার আগে উপহার দেন ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর ৫০তম ওভারে অল্পের জন্য জয়বঞ্চিত হয় বাংলাদেশ। ৪৮ রানে ৬ উইকেট নিয়েও হতাশ হতে হয় শরীফুলকে।

অস্ট্রেলীয় খেলোয়াড় কুপার কনোলি। ছবি: বিসিবি
অস্ট্রেলীয় খেলোয়াড় কুপার কনোলি। ছবি: বিসিবি

এর আগে দিনের শুরুতে বাংলাদেশ তিনশ রানের আশা জাগিয়ে থেমে যায় এর আগেই। লিটন দাস দেখা পান মিরপুরে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটির। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয় (৮৩) ও মোসাদ্দেক হোসেন (৫৬*) চাপের মুখে দারুণ ব্যাট করেন।

তবে শেষের দিকে দ্রুত রান বের না করতে পারায় স্কোর থেমে যায় ২৮০ রানের আগেই। ম্যাচ শেষে সেটাই হয়েছে বড় আক্ষেপের কারণ।

সম্পর্কিত