Advertisement Banner

মার্কিন নৌ-অবরোধ চললে বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালি: গালিবাফ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মার্কিন নৌ-অবরোধ চললে বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালি: গালিবাফ
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পথ। ছবি: রয়টার্স

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে, আমেরিকা যদি তাদের নৌ-অবরোধ অব্যাহত রাখে তবে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। মার্কিন প্রেসিডেন্ট এই অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলার পরপরই তিনি এই হুঁশিয়ারি দিলেন।

এক্স পোস্টে গালিবাফ জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল নির্ধারিত রুট এবং ইরানের অনুমতি অনুযায়ী পরিচালিত হবে। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না।"

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইরান ঘোষণা করেছিল যে, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প স্পষ্ট করেন যে, ইরানের সাথে তাদের লেনদেন শেষ না হওয়া পর্যন্ত এই নৌ-অবরোধ বহাল থাকবে। তবে তিনি দাবি করেন, বিবাদের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে যাওয়ায় এই প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে।

এ প্রসঙ্গে গালিবাফ বলেন, তারা এই মিথ্যা দিয়ে যুদ্ধে জিততে পারেনি এবং আলোচনায়ও তারা কোথাও পৌঁছাতে পারবে না। প্রণালিটি খোলা না কি বন্ধ থাকবে এবং এর নিয়মকানুন কী হবে তা নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে, সোশ্যাল মিডিয়ায় নয়।

ইরানি স্পিকার অভিযোগ করেন যে, ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন যার সবগুলোই ছিল মিথ্যা। তবে সেই দাবিগুলো আসলে কী ছিল, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরান যুদ্ধের সময় প্রায় দুই মাস এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছিল। বর্তমানে ইরান এটি পুরোপুরি খুলে দিলেও বাণিজ্যিক জাহাজগুলো কবে নাগাদ পুনরায় চলাচল শুরু করবে তা স্পষ্ট নয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অনেক জাহাজ কোম্পানি এখনও সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত