Advertisement Banner

হাইড্রেশন ব্রেক নিয়ে স্কালোনির কণ্ঠে অসন্তোষ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাইড্রেশন ব্রেক নিয়ে স্কালোনির কণ্ঠে অসন্তোষ
হাইড্রেশন ব্রেকের সমালোচনা স্কালোনির কণ্ঠে। ছবি: রয়টার্স

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা শোনা গেল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও। সমালোচনা নয়, বলা উচিত রীতিমতো অসন্তোষই প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

বিশ্বকাপে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গরম ও আর্দ্র আবহাওয়ার কথা চিন্তা করে ফিফা খেলার মধ্যে দুই অর্ধে দুবার করে তিন মিনিটের পানি পানের বিরতি চালু করেছে। এর কেতাবি নামই ‘হাইড্রেশন ব্রেক’। তবে এই পানি বিরতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

অনেকেই আবার এটিকে ফিফার টাকা কামানোর একটা উপায় বলছেন। এই হাইড্রেশন ব্রেক চলার সময় স্টেডিয়ামের বিগ স্ক্রিনে বিজ্ঞাপন দেখানো হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারেও হাইড্রেশন ব্রেক সম্প্রচারকদের সুবিধা করে দিয়েছে। এমনিতে ৯০ মিনিটের ফুটবল ম্যাচে বিজ্ঞাপন প্রচারের সুযোগ কম। এই সুবিধা পাওয়ায় তাদের আয়–রোজগারও বাড়ছে।

স্কালোনির মতে, এই বিরতিগুলো ফুটবল খেলার ছন্দ নষ্ট করছে, “অতিরিক্ত গরম এবং এভাবে বারবার খেলা বন্ধ হওয়ার সুবিধাটা তাত্ত্বিকভাবে দুর্বল দলগুলো পেয়ে থাকে। আমার মনে হয়, সময় বাড়ানোর জন্যই মূলত এটা করা হয়েছে এবং এর ফলে খেলার গতি নষ্ট হচ্ছে। চার অর্ধে ফুটবল খেলার এই নিয়মটা অবাস্তব মনে হয়।”

হাইড্রেশন ব্রেকের সময় কোচ হিসেবে কী করেন, খেলোয়াড়দের কী বলেন, সে সম্পর্কে স্কালোনিকে প্রশ্নও করা হয়েছিল ডালাসের এই সংবাদ সম্মেলনে। আর্জেন্টাইন কোচের উত্তর, “ম্যাচের প্রথম ২২ মিনিটে যা ঘটবে, তার ওপর ভিত্তি করে আমার মাথায় থাকা পরিকল্পনা বদলে যেতে পারে। গ্যালারিতে আমাদের বিশ্লেষকেরা আছেন, আবার আমরাও ডাগআউটে বসে ম্যাচ দেখছি। সাধারণত হাফ-টাইমে (বিরতিতে) যা করা হয়, আমরা ওই সময়ে সেটাই করার চেষ্টা করি। যারা আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়, তারা এই সময়ে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পায় ঠিকই, তবে এটার সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন। যদি এই নিয়ম চলতেই থাকে, তবে হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে না।“

গ্রুপ ‘জে’-তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে, যারা নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে হারায় ৩-১ গোলে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ব্যাপারে কথা বলতে গিয়ে বিশ্বকাপে কোনো ম্যাচই যে ‘সহজ’ নয়, সেটি আবারও মনে করিয়ে দিয়েছেন স্কালোনি। রালফ রাংনিকের অস্ট্রিয়াকে সমীহ করে তিনি বলেন, “অস্ট্রিয়া খুবই কঠিন এক প্রতিপক্ষ, তাদের বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় রয়েছে। তারা প্রতিপক্ষের ওপর ভালো চাপ সৃষ্টি করতে পারে এবং বাছাইপর্বেও দুর্দান্ত খেলে এসেছে। নিঃসন্দেহে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।”

সম্পর্কিত