ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত
বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ছবি: রয়টার্স

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন নেতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তবে পরিষদের সদস্যরা এ তথ্য নিশ্চিত করলেও মনোনীত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচন কমিটির সদস্য এবং খুজেস্তান প্রদেশের প্রতিনিধি মোহসেন হায়দারি জানিয়েছেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সর্বসম্মতিক্রমে যোগ্যতম প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। ইরানের সংবিধান অনুযায়ী, তারাই কেবল সর্বোচ্চ নেতা নির্বাচন, তদারকি এবং প্রয়োজনে অপসারণের ক্ষমতা রাখে।

সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়। গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর এই পদের উত্তরাধিকারী নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়। এর আগে ইসরায়েল ও আমেরিকা হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে।

বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নির্বাচনকে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামরিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত