বিএনপির বিজয় অনিবার্য: মাহদী আমিন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিএনপির বিজয় অনিবার্য: মাহদী আমিন
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি: বাসস

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “বিএনপির বিজয় অনিবার্য। ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের যারা ভোট পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তারা যেন সঠিক গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসংগতি না হয়, সেটি নিশ্চিত করেন।

মাহদী আমিন বলেন, জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে প্রতিপালন করবে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মাহদী আমিন।

তিনি বলেন, এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন এবং অনেকে দুঃখজনকভাবে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

মাহদী আমিন অভিযোগ করে বলেন, নির্বাচনকে বিতর্কিত করার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব শুরু হয়েছে। তবে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদের হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার ঘৃণ্য চেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো না ঘটলে ভোটারের উপস্থিতি হয়ত আরও বেশি হতে পারত।

মাহদী আমিন বলেন, আমরা দুঃখজনকভাবে দেখেছি, অনেক জায়গায় আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে মৃত মানুষের ভোটদানের অভিযোগ পাওয়া গেছে, আবার অনেকেই নিজেদের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। এগুলো ফ্যাসিবাদী আমলের অপসংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা।

সম্পর্কিত