Advertisement Banner

ইসরায়েলের কোথায় হামলা চালাতে হবে, ইরানকে তালিকা দিয়েছে রাশিয়া!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইসরায়েলের কোথায় হামলা চালাতে হবে, ইরানকে তালিকা দিয়েছে রাশিয়া!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, ইসরায়েলের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি তালিকা ইরানের হাতে তুলে দিয়েছে রাশিয়া। সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই তালিকার মূল উদ্দেশ্য হলো, ইরান যেন নিখুঁতভাবে ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার এক সদস্যের বরাতে জানিয়েছে, রুশ গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোট ৫৫টি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর একটি বিস্তারিত তালিকা তেহরানকে সরবরাহ করেছে। এই তথ্যের আদান-প্রদান মস্কো এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা সহযোগিতারই একটি প্রতিফলন।

তবে বিষয়টি নিয়ে মস্কো এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুগুলোকে তাদের কৌশলগত গুরুত্বের ভিত্তিতে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এতে এমন সব গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র রয়েছে, যা ধ্বংস হলে ইসরায়েলের জাতীয় জ্বালানি ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এই তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েলের ‘অরত রাবিন’ পাওয়ার স্টেশন।

অন্যদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইরানি হামলায় সহায়তা করার জন্য রাশিয়ান স্যাটেলাইটগুলো ডজন ডজন বিস্তারিত চিত্রের জরিপ সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন বাহিনী এবং অন্যান্য লক্ষ্যবস্তু।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ান এবং ইরানি হ্যাকাররা সাইবার জগতেও একে অপরকে সহযোগিতা করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের অভিযান শুরু করার পর থেকে রাশিয়া কীভাবে ইরানকে গোপন সহায়তা প্রদান করে আসছে, তার সবচেয়ে বিস্তারিত বিবরণ হিসেবে এই তথ্যগুলোকে বিবেচনা করা হচ্ছে।

সম্পর্কিত