চবিতে মাতৃভাষা দিবসে সিন্ডিকেট সভা, বিএনপিপন্থী শিক্ষকদের আপত্তি

চবি প্রতিনিধি
চবিতে মাতৃভাষা দিবসে সিন্ডিকেট সভা, বিএনপিপন্থী শিক্ষকদের আপত্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: চরচা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬৬তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ৬২ জনকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এ সভার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

সিন্ডিকেট সূত্র বলছে, ২১ জন শিক্ষকের পদোন্নতি এবং দেশের প্রথম ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’-কে ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দেওয়ারও অনুমোদিত হয়েছে।

একই সঙ্গে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অস্থায়ীভাবে নিয়োজিত একজন প্রভাষককে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে ৬ জন কর্মকর্তাসহ মোট ৫৫ জন কর্মচারী নিয়োগ পাচ্ছেন। কর্মচারীদের মধ্যে তৃতীয় শ্রেণিতে ১৭ জন স্থায়ী এবং ৫ জন দৈনিকভিত্তিক কর্মচারী রয়েছেন। চতুর্থ শ্রেণিতে ২৯ জন স্থায়ী ও ৪ জন অস্থায়ী কর্মচারী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় গুরুত্ব পেয়েছে চীনের সহযোগিতায় নির্মিত দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। উপকূলীয় নিরাপত্তা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু গবেষণায় ব্যবহৃত এ সুবিধাটি ‘ইনস্টিটিউট’ হিসেবে স্বীকৃতি পেয়ে চবির গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

সিন্ডিকেট সভায় প্রথমবার অংশ নেন চ্যান্সেলর মনোনীত নতুন সদস্য, প্রাণিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিন্ডিকেট সভা আয়োজনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আপত্তি জানিয়েছে।

রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, “আমাদের খুব সুন্দরভাবে সিন্ডিকেট সভা সম্পন্ন হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মতামত দিয়েছেন। এবার সিন্ডিকেটে আমাদের একজন নতুন সদস্যও যুক্ত হয়েছেন।”

সম্পর্কিত