মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের
বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ফাইল ছবি: এক্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ষষ্ঠ ধাপে পাল্টা-হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল জাজিরার।

স্থানীয় সময় আজ রোববার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে। এতে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ধারাবাহিকভাবে ‘ভিন্ন ধরনের ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ গ্রহণ অব্যাহত রাখবে।

এর আগে এক বিবৃতিতে আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালানো হবে বলে সতর্ক করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, “অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।”

সম্পর্কিত