Advertisement Banner

এবার কেপ ভার্দের ফাঁদে উরুগুয়ে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এবার কেপ ভার্দের ফাঁদে উরুগুয়ে
এবার উরুগুয়েকে রুখে দিয়েছে কেপ ভার্দে। ছবি: রয়টার্স

ছোট্ট একটা দেশ। জনসংখ্যা যা, তার চেয়ে ঢের বেশি মানুষ বাস করে ঢাকার কোনো একটা এলাকায়। আফ্রিকার বাছাইপর্ব পেরিয়ে সেই দেশটিই যখন বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে এল, তখন কেউই ভাবতে পারেনি, তারা কতটা বিস্ময় উপহার দিতে আসছে।

কেপ ভার্দের কথাই হচ্ছে। প্রথম ম্যাচে স্পেনকে ০–০ স্কোরলাইনে রুখে দেওয়াটাই ছিল বিরাট ব্যাপার। তাদের গোলরক্ষক ভোজিনিয়া একক বীরত্বে রুখে দিয়েছিলেন বিশ্বসেরা খেলোয়াড়দের নিয়ে গড়া স্পেনকে। দুনিয়ায় পড়ে গিয়েছিল তোলপাড়। বিশ্বকাপে বীরে পরিণত হয়েছিলেন ভোজিনিয়া। স্পেনকে গোল করতে না দিয়ে রুখে দেওয়া, সেটিই কেপ ভার্দের জন্য ছিল জয়ের সমান। কিন্তু স্পেনের বিপক্ষে ড্র’কে যারা ‘ঝড়ে বক মরে’ জাতীয় ব্যাপার মনে করেছিলেন, তাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। কেপ ভার্দেকে হারাতে পারেনি উরুগুয়েও। ২–২ গোলে শেষ হয়েছে ম্যাচটি।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা ‘গোল ঠেকিয়ে যাওয়ার’ হয়নি কেপ ভার্দের জন্য। উল্টো ২১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল কেপ ভার্দেই। উরুগুয়ে প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে করা ২ গোলে এগিয়ে যায় ২–১ গোলে। কিন্তু কেপ ভার্দে উরুগুয়ের স্বস্তিটা স্থায়ী হতে দেয়নি। ৬১ মিনিটেই গোল করে স্কোর লাইন করে দেয় ২–২।

২১ মিনিটে কেপ ভার্দের কেভিন পিনা সরাসরি ফ্রি কিক থেকে যে গোলটি করেন, সেটি রেকর্ডের বইয়ে স্থান করে নিয়েছে। ৩২ মিটার দূর থেকে মাটি ঘেঁষা শটে করা গোলটি এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি দূরত্ব থেকে করা গোল। শুধু তা–ই নয়, সরাসরি ফ্রি কিক গোল থেকে এর আগে বিশ্বকাপে নিজেদের অভিষেক গোল করতে পেরেছিল একমাত্র আর্জেন্টিনাই। সেটাও ৯৬ বছর আগে! ১৯৩০ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে। আর বিশ্বকাপে কখনোই উরুগুয়ে সরাসরি ফ্রি কিক থেকে গোল হজম করেনি।

প্রথম দুই ম্যাচেই বিস্ময় ছড়িয়ে সবাইকে হতবাক করে দিয়েছে। বিশ্বকাপের অভিষেকে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে গ্রুপে পেয়ে ‘হার না মানা’ দলটির সামনে এখন শুধু সৌদি আরব। সমীকরণ এখন কেপ ভার্দে রাউন্ড অব ৩২–এর স্বপ্নটা দেখতেই পারে। সৌদি আরব নিশ্চয়ই কেপ ভার্দের কাছে ‘অজেয়’ কোনো প্রতিপক্ষ নয়।

সম্পর্কিত