বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি আসবেন মোদি?

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি আসবেন মোদি?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: বিবিসির সৌজন্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আগামী মঙ্গলবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদির এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ভারত সফরে আসছেন। ওইদিন মুম্বাইয়ে মাখোঁ ও মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন এবং রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সম্মেলনেও অংশ নেবেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি আসতে না পারলেও বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এক্ষেত্রে ভারতের উপ-রাষ্ট্রপতি অথবা পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরের সম্ভাবনা সবচেয়ে বেশি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বিশাল বিজয়ের পর দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।

সম্পর্কিত