Advertisement Banner

রামপুরায় ঢাকা কলেজ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রামপুরায় ঢাকা কলেজ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীতে একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামে ঢাকা কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌশিফ ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলে। বগুড়ার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামের আব্দুল জলিল পরিবারের সঙ্গে বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন।

তৌশিফের মা শামীমা আক্তার জানান, সকালে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ছেলের কক্ষে গিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তৌশিফ। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমা আক্তার আরও জানান, কী কারণে তার ছেলে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত