Advertisement

‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি’ দিতে অধ্যাদেশ হচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি’ দিতে অধ্যাদেশ হচ্ছে

‘জুলাইযোদ্ধাদের’ দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Advertisement

আজ বৃহস্পতিবার ফেসবুকে আইন উপদেষ্টা এসব কথা জানান।

আসিফ নজরুল লেখেন, “জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিষ্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যসিষ্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।”

আইন উপদেষ্টা লেখেন, “এধরনের আইন প্রণয়ন সম্পূর্ন বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।”

Advertisement

উপদেষ্টা লেখেন, “এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

দুদিন আগে ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।