ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর আজ শনিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতাল ছাড়ার কথা রয়েছে পোপ লিওর। অস্ত্রোপচারের চার দিন পর রক্ত পরীক্ষার ফলাফল ও বুকের ইমেজিং পরীক্ষায় তাকে বাসভবনে ফেরার মতো উপযুক্ত মনে হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান।
৭১ বছর বয়সী পোপ গত মঙ্গলবার তার ডান ফুসফুসের নিচের অংশের একটি খণ্ড অপসারণের অস্ত্রোপচার করানোর পর থেকে জনসমক্ষে আসেননি। অস্ত্রোপচারের পর রোববার তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নেবেন।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় (জিএমটি ১০টা) সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পোপের ফুসফুসে অ্যাডেনোকারসিনোমা শনাক্ত হয়েছে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন। তুলনামূলকভাবে তরুণ ও কর্মচঞ্চল হিসেবে পরিচিত এবং ২০২৫ সালের মে মাসে নির্বাচিত এই পোপের ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনায় ব্যাপক বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের প্রেক্ষাপটে তার পোপ হিসেবে দায়িত্ব পালনের ভবিষ্যৎ গতিপথ নিয়েও প্রশ্ন উঠেছে।
পোপের চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। তবে টিউমারটির আকার কত, কিংবা রোগটি আশপাশের লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা তারা এখনো প্রকাশ করেননি। রোগের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণে এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ।
ব্যস্ত কর্মসূচি চালিয়ে যেতে চান পোপ
ব্যস্ত কর্মসূচি অনুসরণ করার জন্য পরিচিত পোপ লিও তার নির্ধারিত দায়িত্বগুলো চালিয়ে যেতে চান বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছে ভ্যাটিকান। এদিকে কয়েকজন কার্ডিনাল প্রকাশ্যে পোপের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানাতে শুরু করেছেন।
ভ্যাটিকান জানিয়েছে, আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের প্রস্তুতি ‘এগিয়ে চলছে’। কয়েক দশকের মধ্যে কোনো পোপের জন্য আয়োজন করা সবচেয়ে ব্যস্ত সফরগুলোর একটি হতে যাচ্ছে এটি। সফরে পোপের সঙ্গে যেসব সাংবাদিক যাবেন এবং সংবাদ সংগ্রহ করবেন, তাদের স্বীকৃতিপ্রাপ্ত তালিকাও প্রকাশ করেছে ভ্যাটিকান।
ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন শুক্রবার বলেন, ভবিষ্যতে পোপকে তার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী কর্মসূচির গতি ও ব্যস্ততা সমন্বয় করতে হতে পারে।
কোনো পোপকে তার নিয়মিত কর্মসূচি পরিবর্তন করতে হতে পারে, এ কথা একজন কার্ডিনালের প্রকাশ্যে বলা অস্বাভাবিক।
শুক্রবার অস্ত্রোপচারের পর পোপের প্রথম ছবিগুলো প্রকাশ করেছে ভ্যাটিকান। ছবিতে তাকে প্রার্থনায় অংশ নিতে এবং কারও সহায়তা ছাড়াই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।