মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে সাংবাদিকদের একাংশকে সমালোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ সোমবার রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করেন।
দেশের যেকোনো অপরাধের মূল কারণ মাদক উল্লেখ করে আইজিপি বলেন, “মাদকের এসবের বিরুদ্ধে আপনারা কোনো মুভ করতেছেন না। সাংবাদিক সাহেবরা ওখান থেকে গোপনে টাকা নিতেছেন। টাকা না পাইলে নিউজ করতেছেন পুলিশ ‘অকার্যকর’ হয়ে গেছে।”
আলী হোসেন বলেন, “পলাতক এবং গত ১৭ বছরে যারা নেতৃত্ব দিয়ে দেশকে অকার্যকর করেছে, তাদের সময়ে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। তৎকালীন সরকারি দলের নেতা-নেত্রীরা মাদক থেকে নিয়মিত টাকা নিতেন।”
এ কাজে পুলিশের কিছু সদস্যও জড়িত ছিলেন এবং এখনও আছেন বলে আইজিপি আরও বলেন, “আমরা গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠিয়েছি। সুতরাং আগে ঘর পরিষ্কার করছি, আপনারা দেখছেন। কিন্তু এটা নিয়েও অপব্যাখ্যা দেওয়া হয়।”
আইজিপি মো. আলী হোসেন ফকির তার বক্তব্যে জানিয়েছেন, পুলিশের সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে এবং এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে। এছাড়া মিথ্যা অভিযোগ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।