রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।
গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। আহত চালকের নাম শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫)।
শেরেবাংলা নগর থানার এসআই (উপ-পরিদর্শক) মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের ছলিমাবাদে।
মাহবুব আলম বলেন, ‘‘জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা অটোচালক আরিফ মোল্লা আহত হন। পরে খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’’
তবে কে বা কারা এই হামলা করেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।