Advertisement

সরকারের পাপ বাড়ছে: জামায়াত আমির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সরকারের পাপ বাড়ছে: জামায়াত আমির
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: চরচা

সরকারের ‘পাপ বাড়ছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

Advertisement

আজ বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বিরোধীদলীয় নেতা শফিকুর বলেন, “সরকারের পাপ বাড়ছে। সরকার যদি এটা বুঝতে পারেন ভালো। না হলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। দেশবাসী আপনারা প্রস্তুত হোন। সব দেখে মনে হচ্ছে, আরেকটা বিপ্লব আসন্ন। বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করব না।”

জামায়াত আমির বলেন, ‘‘আমাদের আপস করার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। লোভ দেখানো হচ্ছে। তবে গণভোটের পাহারাদারি আমরা করব ইনশাল্লাহ।”

Advertisement

শফিকুর বলেন, ‘‘গত কয়েক দিনে শিক্ষাঙ্গনে যা হচ্ছে, ছাত্র আর শিক্ষকরা আতঙ্কিত। সেই গণরুম, গেস্ট রুম ও ফ্যাসিবাদ নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কি না? ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানেই। কোনো ছাড় দেওয়া হবে না।”

বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে উল্লেখ করে এক সময়ের বিএনপির জোটসঙ্গী জামায়াত আমির বলেন, ‘‘এখন যারা ক্ষমতায় আছে তারা জাতির সঙ্গে সুস্পষ্টভাবে প্রতারণা করছেন। আপনরা ধোঁকাবাজ। এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন।”

সরকারের উদ্দেশে শফিকুর বলেন, ‘‘ফ্যাসিবাদীরা যে সকল অপকর্ম করেছে, আপনারা ৫ মাসে তার সবগুলো রেপ্লিকা ও ফটোকপি আমাদের দেখিয়ে দিয়েছে। ফ্যাসিবাদী আচরণ করবেন আর জনগণ ফ্যাসিবাদী বললে, আপনারা আবার রাগ করবেন।”

জামায়াত আমির বলেন, ‘‘কার সঙ্গে আঁতাত করে জাতির দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। কারণ নির্বাচনের আগে তিনি নিজেও এ দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।