Advertisement

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯০২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯০২
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা গেছে ৭৯৮টি শিশুর শরীরে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানায়।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর সকলেই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে; তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩টি শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। ফলে গত পাঁচ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২-এ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২৮ জন। একই সময়ে ৭০০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ এবং নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০। এর মধ্যে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।