বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে রেকর্ড প্রাণহানি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশজুড়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩০ জনে।
সবশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা ও খুলনা বিভাগে দুইজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।