Advertisement

বশির আহমেদ আজীবন সম্মাননা পেলেন শবনম ও রুনা লায়লা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বশির আহমেদ আজীবন সম্মাননা পেলেন শবনম ও রুনা লায়লা
ছবি: ইউএনবি

বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক প্রয়াত বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননা পেয়েছেন দেশের দুই কিংবদন্তি শিল্পী চিত্রনায়িকা শবনম ও সংগীতশিল্পী রুনা লায়লা।

Advertisement

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এর আয়োজন করে সুরগম সাউন্ড স্টেশন। এতে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আয়োজনে শবনম ও রুনা লায়লাকে সম্মাননা প্রদান ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উপমহাদেশের চলচ্চিত্র ও সংগীতজগতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান।

বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বশির আহমেদের মতো কিংবদন্তি শিল্পীদের অবদান ও স্মৃতি সংরক্ষণে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, বশির আহমেদ তার কণ্ঠ, সুরসৃষ্টি ও সংগীতভাবনার মধ্য দিয়ে বাংলা গানে স্বতন্ত্র ও সৃজনশীল একটি অধ্যায়ের সূচনা করেছিলেন। তার সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদোয়ান খন্দকার।

বশির আহমেদের দুই মেয়ে হুমায়েরা বশীর ও রাজা বশীর তাদের বাবার স্মৃতিচারণা করেন এবং সংগীতজগতে তার জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন।

শবনম ও রুনা লায়লা ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বশীর আহমেদ সম্মাননা দেওয়া হয়।

তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান, গীতিকার মুনশি ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারবাদক ওস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পের পথিকৃৎ জরিনা আসগর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, তবলাবাদক সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী বাংলাদেশি চিকিৎসক খালেদ ভূঁইয়া।

বশির আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পীরা বশির আহমেদের কয়েকটি কালজয়ী গান পরিবেশন করেন।