Advertisement Banner

বিটিভিসহ তিন চ্যানেলে বিশ্বকাপের খেলা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিটিভিসহ তিন চ্যানেলে বিশ্বকাপের খেলা
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচার হবে কিনা, তা নিয়ে শঙ্কা ছিল। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের কম সময় বাকি থাকতে সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশনে। সবগুলো ম্যাচই সম্প্রচারিত হবে এই তিন চ্যানেলে।

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ত্ব কিনেছিল স্প্রিংবক লিমিটেড নামে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা যে দাম প্রস্তাব করেছিল, সেটা ছিল আকাশচুম্বী। ওই দামে কোনো প্রতিষ্ঠানই সম্প্রচার স্বত্ত্ব কিনতে রাজি ছিল না। সে কারণে দুই সপ্তাহ আগেও বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ছিল বড় ধরনের অনিশ্চয়তা।

তবে বাংলাদেশ সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে ফিফার সঙ্গে সরাসরি আলাপ–আলোচনা শুরু করে। ওই আলোচনার পরই সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কেটে যায়। স্প্রিংবকও সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে না পারায় চুক্তি থেকে সরে দাঁড়ায়।

বিটিভির সঙ্গে বাকি দুই টিভি চ্যানেলের কনসোর্টিয়ামই ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনেছে। বিশ্বকাপের ম্যাচ প্রচারের সত্ত্ব কিনেছে দুটি ওটিটি প্ল্যাটফর্মও। এরা হচ্ছে বাংলালিংকের ওটিটি সেবা টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। প্রথম ম্যাচেই মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। খেলাটি শুরু হবে রাত ১টায়।

সম্পর্কিত