ads

৪০ মিনিটে ইসরায়েলে ইরানের ৪ ক্ষেপণাস্ত্র হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
৪০ মিনিটে ইসরায়েলে ইরানের ৪ ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: রয়টার্স

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ চরম উত্তেজনাকর মোড় নিয়েছে। আজ বুধবার সকালে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েল লক্ষ্য করে চার দফায় বিশাল ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে চারটি পৃথক হামলায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

Advertisement

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং এর আশপাশের এলাকায় একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আকাশজুড়ে সাইরেনের শব্দে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার তেল আবিবে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছিল। আজকের এই চার দফার হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা এখনো যাচাই করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং ‘অ্যারো’ সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে। আকাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংসের দৃশ্য দেখা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সরাসরি যুদ্ধে উভয় দেশই একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালাচ্ছে। আজকের এই হামলা এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে পাল্টা বিমান হামলা চালাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই দফায় দফায় হামলা প্রমাণ করে যে তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা এখনো শক্তিশালী। এদিকে তেল আবিবের কেন্দ্রস্থলে বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে।

সম্পর্কিত