চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘প্রত্যাখান’ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, “চুয়েটের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে না এসে নতুন উপাচার্যের যোগদান আমরা মেনে নিতে পারি না। শিক্ষার্থীদের মতামত ও চলমান আন্দোলনকে উপেক্ষা করে এভাবে যোগদান কোন সমাধান নয়। আমাদের একমাত্র দাবি, সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবে।”
আরেক শিক্ষার্থী নাফিস হাসান বলেন, “আমরা শুনেছি, নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেছেন। তার মানে, তিনি অনলাইন উপাচার্য। আমরা এমন অনলাইন উপাচার্য আমাদের ক্যাম্পাসে চাই না।”
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের বদলে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর প্রতিবাদে ওইদিন রাত থেকেই আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। পর দিন থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করে।