চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে বিএসআরএমের চুরি হওয়া ১২ টন ১০০ কেজি রড মাগুরার মহম্মদপুরের একটি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গত দুই দিনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত বিএসআরএমের কারখানা থেকে ১৩ টন রডের একটি চালান ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানো হচ্ছিল। পথে গত ১৪ আগস্ট চালানটি চুরি হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম চরচাকে বলেন, প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে গত বুধবার অভিযান চালিয়ে বারইয়ারহাট এলাকা থেকে ট্রাকচালক রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে ট্রাকের সহকারী হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, হাদিছের দেওয়া তথ্যের ভিত্তিতে মাগুরার মহম্মদপুর থেকে আবুল বাশার বাঁশিকে গ্রেপ্তার করা হয়। পরে রড চোরাচালান চক্রের প্রধান হিসেবে অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি এবং মহম্মদপুরের আয়ান এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করা হয়।
আবদুল হালিম জানান, গ্রেপ্তার রিয়াদ বিএসআরএমের গাড়িচালক। তিনি কারখানা থেকে রডের চালান বের করে ফেনীতে নিয়ে গিয়ে চোরাচালান চক্রের সদস্যদের কাছে হস্তান্তর করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় রড বহনকারী ট্রাকটি ফরিদপুরের মধুখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।