কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুজন কে আটক করা হয়েছে।
আজ রোববার সকালে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের অধিনায়ক কর্নেল মো. আনোয়ার উল আলম এ তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রামে এই অভিযানে চোরাচালানে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ এবং দুই চালককে আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেংগুরবিলের মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়ার মেহেদী হাসান।
আনোয়ার উল আলম বলেন, দেশজুড়ে নাশকতা চালানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র পাচার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির সদস্যরা সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের আটক করা হয় বলেও জানান তিনি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা অস্ত্র, বিস্ফোরক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।