ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এ বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
আজ সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সেই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
এই আসনে আর কোনো প্রার্থী না থাকলে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।