নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার শায়ন রাজধানীর খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
প্রতক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় শায়ন। সে সময় বাসটি চলতে শুরু করলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন শায়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।