শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের সাথে যুক্ত একটি চক্রের সন্ধান পেয়েছে র্যাব। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় এ চক্রের এক নারীকে গত শনিবার আটক করে র্যাব সদস্যরা। ওই নারীর সাথে দুই শিশুকেও উদ্ধার করা হয়।
আটকের পর দুই শিশুর পেটের ভেতরে পলিথিনে মোড়ানো পুটলি বের করে সেখানে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা পায় বলে আজ সোমবার র্যাব-৭ এর পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আটক গ্রেপ্তার নারীর নাম শারমিন আক্তার ওরফে ইসমত আরা (৪০), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোমখালী গ্রামের বাসিন্দা। তার সাথে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশু ছিল।
র্যাব -৭ এর সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আনোয়ারা উপজেলার সরকারহাট তৈলারদ্বীপ সেতু এলাকায় চট্টগ্রামের দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এক নারীকে আটক করে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করা হয়।
এই কর্মকর্তা বলেন, পরে শারমিনকে জিজ্ঞাসাবাদে সাথে থাকা দুই শিশুর পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর ৯ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৬টি ও ১২ বছর বয়েসী শিশুটির পেট থেকে ৬৭টি পুটলি বের করা হয়। সেখানে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বচ্ছল পরিবারের শিশুদের ব্যবহার করে একটি চক্র ইয়াবা পাচার করছে। এর আগেও গ্রেপ্তার শারমিন শিশুদের দিয়ে ইয়াবা পাচার করেছেন। চক্রটি কক্সবাজার থেকে এনে চট্টগ্রামে ইয়াবা পাচার করত। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।