৩৪ হাজার ৩৫৭ রান, ১০০ সেঞ্চুরি–আন্তর্জাতিক ক্রিকেটে এই সংখ্যাগুলো কার, সেটা ক্রিকেট ভক্তমাত্রই জানার কথা। কার আবার, ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের!
ছেলেদের ক্রিকেটের তুলনায় সব সময় যেভাবে ‘সৎ বোনের’ আদর পেয়ে এসেছে মেয়েদের ক্রিকেট, সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল!
এতদিন মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান আর সেঞ্চুরির রেকর্ড ছিল ভিন্ন চার ব্যাটারের। মেয়েদের এশিয়া কাপে আজ দুটি রেকর্ডই নিজের করে নিয়ে ‘মেয়েদের ক্রিকেটের শচীন টেন্ডুলকার’ বনে গেলেন ভারতেরই এক ব্যাটার–স্মৃতি মান্ধানা।
এক ইনিংসেই দুই রেকর্ড নিজের করে নিয়েছেন ২০১৩ সালে ভারতের জার্সিতে যাত্রা শুরু করা মান্ধানা।
হংকংয়ের বিপক্ষে আজ ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের এই ৩০ বছর বয়সী সুপারস্টার ব্যাটারের রান ছিল ১০৭৫৬, সেঞ্চুরি ছিল ১৭টি। আজকের আগে রেকর্ড দুটি কার কার ছিল? সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল ভারতেরই সাবেক অধিনায়ক মিতালি রাজের (১০৮৬৮ রান), আর সেঞ্চুরির রেকর্ডে মান্ধানার সঙ্গে ছিলেন আরও দুজন–সাউথ আফ্রিকার লরা উলভার্ট ও অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের (১৭ সেঞ্চুরি)।
দুবাইয়ে আজ আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে ওপেনিংয়ে নামা মান্ধানা ইনিংসের ৫৭তম বলে যখন চার মেরে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন, ল্যানিং আর উলভার্ট পড়ে গেলেন পেছনে। ভারতের ১৮ নম্বর জার্সির ব্যাটারের সেঞ্চুরি সংখ্যাও একই! এখানে অবশ্য তিন সংস্করণেই সাউথ আফ্রিকার অধিনায়ক উলভার্টের সঙ্গে লড়াইটা চলমান থাকবে মান্ধানার।
তবে সেঞ্চুরির পরপরই হিসাব শুরু হয়ে যায়, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানও কি তবে আজই হয়ে যাচ্ছে মান্ধানার? আর তো মাত্র ১২ রান দরকার ছিল তখন! শেষ পর্যন্ত সেটা হলো কী দারুণ ঢংয়ে! ১৮তম ওভারে টানা তিন বলে মারলেন ছক্কা, তার দ্বিতীয়টিতে হয়ে গেল বিশ্বরেকর্ড!
মান্ধানা অবশ্য রেকর্ডের কথা জানতেন না বলেই জানালেন ম্যাচ শেষে, ‘ব্যাটিংয়ে ওই সময়টার আগ পর্যন্ত আমি রেকর্ডটা জানতাম না, কারণ সুনির্দিষ্টভাবে (মিতালি রাজের) রানের সংখ্যাটা মাথায় ছিল না।’
মান্ধানা শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরিকে এই ফরম্যাটে নিজের সর্বোচ্চ স্কোর তো বানিয়ে ছেড়েছেনই, রানআউট হওয়ার আগে তার ৬৪ বলে ১৪ চার ৭ ছক্কায় ১২৪ রানের ইনিংসটি হয়ে গেল মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেরও সবচেয়ে বেশি রানের ইনিংস!
ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রান তোলা ভারত বোলিংয়ে মাত্র ৫৬ রানেই অলআউট করে দেয় হংকংকে।