কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বুধবার বিকেলে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার দোলন আচার্য জানান, বিকেল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পর্যটক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোলন আচার্য বলেন, “দুটি পর্যটক দল সাগরে গোসল করতে নেমেছিল। একটি দল এসেছিল চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে। অন্যটি ঢাকার উত্তরা থেকে।”
নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে সাগরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।
নিহত, নিখোঁজ ও উদ্ধার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।