গ্রিনল্যান্ডে তেল, গ্যাস ও খনিজ সম্পদের ব্যাপক অনুসন্ধানকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুসন্ধান পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি। তিনি বলেছেন, “বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রায় যেকোনো স্থানের তুলনায় গ্রিনল্যান্ডে সহজে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ অনেক বেশি।”
ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকির পর উত্তেজনা নিরসনের গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি সই হয়। এর ফলে উত্তেজনা নিরসন হয়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে আরও লেখেন, “যুক্তরাষ্ট্রের ওপর ভবিষ্যতে যেকোনো হামলা চালাতে হলে গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসতে হবে। সেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়মিত ড্রোন, ক্ষেপণাস্ত্র বা এখনো কল্পনাও করা হয়নি, এমন যেকোনো ধরনের অস্ত্র ভূপাতিত করবে।”
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে সই হওয়া চুক্তির পর গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ড বাড়ানো হয়েছে। ফলে সেখানে দুটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন এবং ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে।