বেসরকারি গণমাধ্যম বৈশাখী টেলিভিশনে ‘হামলার’ অভিযোগ উঠেছে। ওই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার জড়িত থাকার তথ্য দিয়েছে পুলিশ।
আজ শনিবার বিকেলে বৈশাখীর টেলিভিশনের ফেসবুক পেজ থেকে একটি লাইভ সম্প্রচার করে এ অভিযোগ তোলা হয়। তবে যিনি লাইভ করেছেন ‘নিরাপত্তার স্বার্থে’ তিনি নাম প্রকাশ করেননি।
পুলিশ বলছে, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান মিশুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বেশকিছু নেতা প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তারের দাবি জানানোর সময় ধস্তাধস্তি হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিপু আলম মিলনকে বনানী থানা পুলিশ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা আছে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন।
চরচাকে তিনি বলেন, “কিছু স্থানীয় লোকজন টিভি চ্যানেলের সামনে জড়ো হন। তাদের দাবি, টিপু আলম মিলনকে আটক করতে হবে। এরপর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে হেফাজতে নিয়েছি। টিপু আলমের নামে কোতোয়ালি থানায় মামলা আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”
শনিবার বিকেল ৪টার দিকে বৈশাখী টেলিভিশনের ফেসবুক লাইভে একজনকে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”
পরে সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বেশকিছু নেতা টিপু আলমকে বৈশাখী টেলিভিশনের সামনে আটকের চেষ্টাকালে উভয়ের পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।