দুই বছর পর খুলল গাজা-মিশর সীমান্ত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দুই বছর পর খুলল গাজা-মিশর সীমান্ত
রাফাহ সীমান্ত এলাকা। ছবি: রয়টার্স

দুই বছর বন্ধ থাকার পর অবশেষে গাজা ও মিশরের মধ্যকার একমাত্র সংযোগস্থল রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকার পর মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্তটি পুনরায় চালু করা হয়েছে।

রাফাহ সীমান্ত স্থানীয় সময় সোমবার থেকে খুলে দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়ন এই সীমান্ত পরিচালনার দায়িত্ব পালন করছে। প্রাথমিকভাবে প্রতিদিন ৫০ জনকে আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের শর্ত অনুযায়ী, এই সীমান্ত খোলা হয়েছে। সম্প্রতি এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর ইসরায়েল এই সিদ্ধান্ত নেয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই সীমান্ত দিয়ে আপাতত কোনো মানবিক সাহায্য বা বাণিজ্যিক পণ্য প্রবেশ করতে পারবে না, এটি শুধুমাত্র মানুষের যাতায়াতের জন্য সীমিতভাবে খোলা থাকবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় ২০ হাজার রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। যার মধ্যে ৪৪০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর আগে চিকিৎসার অভাবে প্রায় এক হাজার ৩০০ মানুষ গাজায় মৃত্যুবরণ করেছেন।

দেইর আল-বালাহ এলাকার এক কিডনি রোগী ইব্রাহিম আল-বাতরান জানান, তিনি দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে যেকোনো সময় তার মৃত্যু হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে উচ্চ ব্যয় এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে সাধারণ ফিলিস্তিনিদের জন্য এই সীমান্ত দিয়ে পার হওয়া এখনো অনেক বড় চ্যালেঞ্জ।

ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ এই সীমান্ত খোলাকে ‘বেঁচে থাকার পথ এবং সুযোগের প্রতীক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্পর্কিত