Advertisement

‘সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‘সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ’
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

সন্দেহজনক লেনদেনের অভিযোগে ‎গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) বিপুলসংখ্যক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, অ্যাকাউন্ট বন্ধে সরাসরি তাদের নির্দেশনা ছিল না। তবে তদন্তে স্বাভাবিক লেনদেনের প্রমাণ মিললে অ্যাকাউন্টগুলো ফের চালু করা হবে।

Advertisement

সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। অ্যাকাউন্টে টাকা থাকলেও তা উত্তোলন কিংবা অন্য নম্বরে পাঠাতে পারছেন না অনেকে। এমনকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ থাকার অভিযোগও পাওয়া গেছে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‎

Advertisement

এই বিষয়ে ‎বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চরচাকে বলেন, ‘‘যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলোতে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এমএফএসের নিজস্ব ব্যবস্থাপনায় ই-কেওয়াইসি পদ্ধতিসহ বিভিন্ন প্রক্রিয়ায় গ্রাহকের পরিচয় ও লেনদেন যাচাই করা হয়। কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।’’

‎

এমএফএস অ্যাকাউন্ট বন্ধে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি কোনো নির্দেশনা ছিল না দাবি করে এই কর্মকর্তা বলেন, ‘‘এসব অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। তদন্তে যেসব অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া যাবে, সেগুলো স্থায়ীভাবে বন্ধ করা হবে। আর যেসব অ্যাকাউন্টে স্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলবে, সেগুলো আবার চালু করে দেওয়া হবে।’’

‎

‎

সূত্র জানায়, গোপালগঞ্জে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সে হিসাবে দুটি প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ অ্যাকাউন্ট বন্ধের তথ্য সামনে এসেছে। তবে এ সংখ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম চরচাকে বলেন, ‘‘এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এসব অ্যাকাউন্ট চালু করা হবে, নাকি বন্ধ রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

‎এদিকে নাম প্রকা‌শ না করার শ‌র্তে র‌কে‌টের একজন কর্মকর্তা চরচাকে বলেন, ‘‘রকেটের কেন্দ্রীয় সার্ভার বা কেন্দ্রীয় ব্যবস্থাপনা থেকে অ্যাকাউন্টগুলো একযোগে বন্ধ করা হয়নি। কিছু অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।’’ তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

‎

এদিকে, ‎অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে ভুক্তভোগী গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হচ্ছে। বার্তায় জানানো হচ্ছে, এমএফএস বিধিমালা অনুযায়ী তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ায় বিভ্রান্তিতে পড়ছেন গ্রাহকরা।

‎

‎এমএফএস খাতে গ্রাহকের পরিচয় যাচাই এবং লেনদেন পর্যবেক্ষণের জন্য ই-কেওয়াইসি ব্যবস্থাসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়।

‎

‎তবে সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ রাখা মানেই সংশ্লিষ্ট গ্রাহকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্তের মাধ্যমে লেনদেনের প্রকৃতি যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ব‌লে জানায় বাংলা‌দেশ ব‌্যাংক। ফলে যেসব গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে, তাদের ক্ষেত্রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।