Advertisement

নার্সিং শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

নার্সিং শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
নার্সিং শিক্ষার্থীর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ছবি: চরচা

বরিশালের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল এবং তার ওপর হামলার অভিযোগ তুলে সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

আজ শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ব্যানারে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, তাকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল নগরীর ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজের শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অন্তু বিশ্বাস। আন্দোলনের পর আত্মসাৎ করা অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে জহিরুল ইসলামসহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে কলেজ কর্তৃপক্ষ।

বক্তারা অভিযোগ করে বলেন, সেই অঙ্গীকারনামা লঙ্ঘন করে কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই নিয়মবহির্ভূতভাবে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কলেজে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তুর ওপর হামলা চালায় কলেজ কর্তৃপক্ষ।

বক্তারা অবিলম্বে ছাত্রত্ব বাতিলের অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো না থাকা এবং নার্সিং কাউন্সিলের আইন অমান্য করার অভিযোগে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এসব অভিযোগের বিষয়ে জানতে ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।