বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আজ মঙ্গলবার প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৫ জন। একই সময়ো চিকিৎসা নিয়ে ফেরত যাওয়ার সংখ্যা ৮০৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির হিসাবে বরিশালে ৯ জন, পটুয়াখালীতে ২৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ভোলায় ১২ জন, পিরোজপুরে ২৯ জন, বরগুনায় ২৬ জন, ঝালকাঠিতে ২২ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে বরিশালে ৪৮ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে ১২৩ জন, বরগুনায় ৭৮ জন, ঝালকাঠিতে ৩৮ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
তারাছাড়া চলতি বছরের সর্বমোট রোগীর সংখ্যা হিসেবে বরিশালে ৮৬৫ জন, পটুয়াখালীতে ৮৫১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭৪ জন, ভোলায় ৫০৬ জন, পিরোজপুরে ২ হাজার ২৮৭ জন, বরগুনায় ১ হাজার ১৭৭ জন, ঝালকাঠিতে ১ হাজার ৯৪০ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬৮ জন।
বরিশাল নগরীর ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীতে নিয়মিত ড্রেনে ও ডোবা নালা পরিস্কার পরিচ্ছন্ন করা, নগরীর প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে ফগার মেশিন ও লার্ভা নিধন করতে ওষুধ ছিটানো নিয়মিতভাবে চলছে। এর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্ত তারপরও নগরীতে ডেঙ্গুর প্রকোপ কমছে না।