Advertisement

আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

আজ বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২০০৪ সালে রাজধানীর শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছেন, তারা আর বাংলাদেশে ফিরতে পারবেন না, রাজনীতিও করতে পারবেন না।” এ প্রসঙ্গে জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি।”

Advertisement

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তবে ঢাকায় একটি দলের (জামায়াত) শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জনগণ জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।

সালাহউদ্দিন বলেন, “প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন।”

এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।