চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা চলতি অক্টোবরের প্রথম ১৬ দিনে গত কয়েক মাসের রেকর্ড ছাড়িয়েছে। এতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছেই।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য বলছে, সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
আগস্টে ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৩৬ জন। জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের, হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ২০৬ জন। জুনে মৃত্যু ছিল ১৩ ও হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৯০৭ জন।
১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ১ লাখ ২ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচার জোরদার এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ অক্টোবর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।