সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১১০ জনের। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৭০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৩০ হাজার ৪৫৭ জন।